অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের সময়সূচি (ক্যালেন্ডার) ঘোষণা করেছে নওগাঁ জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। ওই দিন থেকে কেবল গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। তবে জনপ্রিয় ও সুস্বাদু আম্রপালি আম সংগ্রহের জন্য অপেক্ষা করতে হবে ১৫ জুন পর্যন্ত। জিআই স্বীকৃত নওগাঁর নাক ফজলি আম সংগ্রহ শুরু হবে ৫ জুন থেকে।

নওগাঁয় আম সংগ্রহ শুরু

Advertisement

রোববার (১০ মে) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নওগাঁ জেলায় ২০২৫-২৬ অর্থবছরে জাতভেদে আম সংগ্রহের সময় নির্ধারণী সভা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২২ মে থেকে গুটি আম বা স্থানীয় জাত, ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে খিরসাপাত (হিমসাগর), ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ব্যানানা ম্যাঙ্গো ও ফজলি এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন সংগ্রহ করা যাবে।

চলতি বছর নওগাঁয় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১২ দশমিক ৭৮ টন হিসেবে জেলায় মোট আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৩৬১ টন। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ধারণা, চলতি মৌসুমে প্রায় তিন হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে।

সভায় জানানো হয়, এ বছর নওগাঁ থেকে ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে কৃষি বিভাগ ও প্রশাসন মাঠপর্যায়ে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি সময়ের আগে আম সংগ্রহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল মাঠে থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর সূত্র জানায়, প্রতিটি আমের জাত পরিপক্ব হওয়ার নির্দিষ্ট সময় রয়েছে। সময়ের আগে আম সংগ্রহ করলে স্বাদ ও গুণগত মান নষ্ট হয়, যা রপ্তানির ক্ষেত্রে বড় বাধা তৈরি করে। ২০১৮ সাল থেকে নওগাঁর আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। তবে আবহাওয়ার কারণে কোনো জাত আগেই পরিপক্ব হলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পরামর্শে সময় পুনর্নির্ধারণ করা যাবে। তিনি আরও বলেন, আম পাকানো বা সংরক্ষণে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা যাবে না।

ধর্ষণের অভিযোগ অস্বীকার, সেই মাদ্রাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল বলেন, তারিখ অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। মূলত ভোক্তাদের পরিপক্ব ও ক্ষতিকারক রাসায়নিকমুক্ত আম খাওয়াতে জাতভেদে আম সংগ্রহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। স্থানীয় ভোক্তাদের ভেজালমুক্ত আম খাওয়ানো নিশ্চিতের পাশাপাশি বিদেশে আম রপ্তানি বৃদ্ধির জন্য প্রশাসন ও কৃষি বিভাগ তৎপর রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.