পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শনিবার (৪ জুলাই) সকালে যশোর জিলা স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিদ্যালয়ের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো ডিজেল, ফার্নেস অয়েল, গ্যাস ও কয়লাভিত্তিক ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণে সরকার এখন সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, চলতি বাজেটে ২০৩১ সাল পর্যন্ত বৈদ্যুতিক মোটরসাইকেলে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিমালা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সিটি করপোরেশন ও পৌরসভার বর্জ্য বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আরও আগ্রহী হয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা শেষে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিজেদের মেধা কাজে লাগাতে হবে এবং কোনো ধরনের অপকর্ম বা বিভ্রান্তির পথে না যাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন যশোর জিলা স্কুলের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



