শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে সানজিদা আক্তার (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ মে শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার আমিনুল ইসলামের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। এরপর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজিসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি।
পরে শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর একটি টয়লেটে পলিথিনে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শতশত মানুষ ভিড় করেন।
এলাকাবাসী জানান, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ১১ বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


