
ভারত থেকে বিধিবহির্ভূতভাবে ‘পুশ-ইন’ বা ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা উচিত এবং বাংলাদেশেও অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের একই নীতিমালা মেনে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১২ জুন) বিকেলে সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পুশ-ইন ঠেকাতে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে। ভারত থেকে যেসব পুশ-ইন করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো বিধিবহির্ভূতভাবে করা হচ্ছে। এই পুশ-ইন বন্ধ করার জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে।’
ভারত সরকারকে উদ্দেশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সব দেশে বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা দেওয়ার জন্য-একটি সুস্পষ্ট নীতিমালা আছে। আমরা আশা করব ভারত সরকার সেই নীতিমালা অবলম্বন করবে। যদি কোন বাংলাদেশী সেখানে অবৈধভাবে থেকে থাকে তারা, সেই নীতিমালা অবলম্বন করে বৈধ পথে সে বাংলাদেশীদের ফেরত পাঠাবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশেও যদি কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে অবস্থান করে থাকেন, তাহলে তাদেরও একই নীতিমালা অনুসরণ করে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিকভাবেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এখন সংবাদমাধ্যম বিভিন্ন ধরনের হয়ে গেছে। মেইনস্ট্রিম সংবাদমাধ্যম ছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম কিন্তু একটা মেইনস্ট্রিম গণমাধ্যম হিসেবে পরিণত হচ্ছে। পাশাপাশি মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতে অনেক সময় মিস ইনফরমেশন (ভুল তথ্য) প্রকাশিত হচ্ছে ৷
তিনি বলেন, এআই ব্যবহার করে ব্যক্তি, রাজনৈতিক দল বা মতের বিরুদ্ধে ভুয়া তথ্যভিত্তিক সংবাদ তৈরি ও প্রচার করা হচ্ছে। একটি মিথ্যা সংবাদও একজন মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন।
এ সময় তিনি ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এর আগে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



