
জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ওবায়দুল কাদের পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শন শেষে একথা জানান।
তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার যে খবর বেরিয়েছে তা সরেজমিনে পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
বার বার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে।
মন্ত্রী যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, বিষয়টি হালকাভাবে নিলে চলবে না।
কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো।
তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে। কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা, তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


