ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবার নাম ঘোষণা করে ইরান।

নতুন সর্বোচ্চ নেতার উদ্দেশে প্রথম বার্তায় পুতিন আশা প্রকাশ করেছেন, মোজতবা খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সাথে’ অব্যাহত রাখবেন। একই সঙ্গে ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।
তিনি আরও যোগ করেন, রাশিয়া বরাবরের মতোই তেহরানের পাশে থাকবে। ‘তেহরানের প্রতি অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করার’ আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টসের হাতে।
তারা সবকিছু পর্যালোচনা করে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। আর তাদের ভোটের ভিত্তিতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


