রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবির বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে সরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ নীতিমালার আওতায় পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি। সরকারের আশা, এ উদ্যোগ পুলিশ সদস্যদের মনোবল ও সেবার মান বাড়াতে সহায়ক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন চাকরি করেও অনেক কনস্টেবল পদোন্নতি ছাড়া অবসরে যান। এ বাস্তবতা বিবেচনায় অবসরের সময় অনারারি পদোন্নতির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি পরিদর্শক পদে উন্নীত করার সুযোগ রাখা হতে পারে।
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি উন্নত হাসপাতাল নির্মাণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন।
আবাসন সংকট নিরসনে নতুন ভবন ও কার্যালয় নির্মাণেও গুরুত্ব দিচ্ছে সরকার। ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
এ ছাড়া অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ‘মব কালচার’ রোধে বিদ্যমান আইন আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


