রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প পরিচালনা এবং নাগরিক সেবা কার্যক্রম আরও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের বৃহৎ অংশ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তবে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঢাকা মহানগরকেন্দ্রিক হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা দেখা দিচ্ছিল।
এসব সমস্যা নিরসনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করে। নিকারের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত হবে এবং পরিকল্পিত নগরায়ণ কার্যক্রম পরিচালনায় গতি আসবে। পাশাপাশি ভূমি, অবকাঠামো ও নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন কাজ একক প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালনা করা সহজ হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে একই বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও নামে তিনটি নতুন উপজেলা এবং চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



