বাংলা টিভি ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় সাধারণ মানুষের মতো অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি উপহার হিসেবে পাওয়া লিওনেল মেসির স্বাক্ষরসংবলিত একটি আর্জেন্টিনার জার্সি ব্যক্তিগত সংগ্রহে না রেখে জাতীয় জাদুঘরে প্রদর্শনের জন্য দিয়েছেন। এরপর থেকেই জার্সিটি দেখতে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আর্জেন্টিনা দলের তিন ফুটবলারের স্বাক্ষরযুক্ত একটি অরিজিনাল জার্সি উপহার পান। সেই স্মারকটি সবার দেখার সুযোগ করে দিতে তিনি জাতীয় জাদুঘরে হস্তান্তর করেন। বর্তমানে জার্সিটি জাদুঘরের নিচতলার লবিতে প্রদর্শিত হচ্ছে।
প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা জাদুঘরে এসে জার্সিটি দেখছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসে স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন। দর্শনার্থীদের ভাষ্য, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পাওয়া একটি মূল্যবান স্মারক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় তারা সেটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
জাদুঘরের নিরাপত্তাকর্মী কবির উদ্দিন জানান, প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ জার্সিটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি।
জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল বলেন, ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্সিটি লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি জাদুঘরের কোন গ্যালারিতে স্থায়ীভাবে রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের কোনো খ্যাতিমান ফুটবলারের স্বাক্ষরিত জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



