Advertisement

প্রিয়া সাহা একজন ‘ভদ্র মহিলা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে খুলনা শহীদ হাদিস পার্কে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রিয়া সাহা নামের একজন ভদ্র মহিলা আমেরিকাতে বক্তব্যে দিয়েছেন। তার বক্তব্যে আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ হয়ে বলেছেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। তারপরের দিন বলছেন, তাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া উচিত। তিনি আত্মপক্ষে সমর্থন করেছেন। তার একটি ভিডিও বের হয়েছে। সেখানে তিনি বলেছেন, এটা তো আমার কথা নয়, এটা প্রধানমন্ত্রীর কথা।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা কি বেগম জিয়ার মুক্তি চাই। যদি চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য, ঐক্য এবং ঐক্যের কোন বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিএনপির বিভাগীয় সমাবেশের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সমাবেশ নিয়ে কিছু মানুষ প্রচার করছে যে, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ঠিক নেই। কিন্তু ২০ দল ও ঐক্যফ্রন্ট ঠিক আছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী চোখের চিকিৎসা জন্য লন্ডনে গিয়েছেন। আমরাও চাই, উনি সুদৃষ্টি নিয়ে ফিরে আসুক। উনি দেখুক, এদেশের মানুষ কি চায়। মানুষের মনে ভাষা পড়ুক। তাহলেই উনি বুঝতে পারবেন, এদেশের মানুষ বেগম জিয়ার মুক্তি চায়।

ফখরুল বলেন, বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) বেগম জিয়াকে সরকার সঠিক চিকিৎসা দিতে পারছে না। কারণ সরকারের স্বদিচ্ছার অভাব রয়েছে। গতকাল আমি খোঁজ নিয়েছি যে, দেশনেত্রী আবার অসুস্থ হয়ে পড়েছেন। তার ব্লাড সুগার বারবার উঠানামা করছে। তার জিভের মধ্যে আলসার হয়েছে। এখন তিনি শ্বাসকষ্টের জন্য নিশ্বাস নিতে পারছেন না। আজকে আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি, সুচিকিৎসার জন্য বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা (বিএনপি) এতো দিন পরে কেনো বুঝলাম, আইনিভাবে নয়, সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি হবে। আমরা কেনো এতো দিন কিছু করলাম না? তাহলে কি জেলের মধ্যে বেগম জিয়ার মৃত্যু হলে তার লাশ নিয়ে আমরা মিছিল করবো? আর আমি শেখ হাসিনার পদত্যাগ চাই। কারণ উনি ভোট চোর।

নেতাকর্মীদের উদ্দেশে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার ডেঙ্গু মশা মারতে পারে না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের মারতে পারে। আর সরকারের কিছু লোক আছে, আমাদের কামড় দেয় এবং চুষে চুষে রক্ত খায়। এই অবস্থা চলতে পারে না। এজন্য আমরা মুক্তিযুদ্ধ করে নাই। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এজন্য গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর বেগম জিয়াকে মুক্ত করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই তাই করবো।

এদিন, সমাবেশ শুরু হওয়ার পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করে। তবে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত ছিলেন। এসময় তারা ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করে যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’সহ বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলেন।

সমাবেশকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে খুলনা বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠন এবং যশোর, বাগেরহাট, নড়াইল, মাগুড়া, সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীদের কর্মসূচি অংশ নিতে দেখা গেছে।

এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশের প্রাঙ্গণসহ এর আশ-পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, কবির মুরাদ, মাহবুব উদ্দিন খোকন, হাবিবুর ইসলাম হাবিব, অনিন্দ্য ইসলাম অমিত, আনিছুর রহমান তালুকদার খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.