জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ামনারে নতুন সামরিক সরকার ক্ষমতা দখলের কারণ জানিয়ে চিঠি দিয়েছে।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তারা একটি চিঠি দিয়েছে আমাদের রাষ্ট্রদূতকে এবং সেখানে তারা বলেছে কী কারণে তারা টেকওভারটা করেছে। এরপরে আমরা আর কোনো তথ্য পাইনি।
চিঠির বিষয়বস্তু প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা বলছে যে, ১০ দশমিক ৪ মিলিয়ন ভুয়া ভোট হয়েছে, ভুয়া ভোটের কারণে তাদের দায়দায়িত্ব আছে এটাকে শোধরানোর।
এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমাদের কাছে খবর এসেছে, রাখাইনে নতুন মিলিটারি কমান্ডাররা রাখাইনে যেসব রোহিঙ্গা আছে, তাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং ওদের মুরুব্বিদের সাথে আলাপ করেছেন। তখন ওরা তাদের অভিযোগের কথা বলেছে যে, তারা চলাফেরা করতে পারে না। তখন নতুন সরকার বলছে যে, আমরা আস্তে আস্তে তোমাদের অবস্থার পরিবর্তন করব। ধাপে ধাপে তোমাদের অবস্থার পরিবর্তন হবে।
এগুলো শুনে কক্সবাজারে ক্যাম্পের রোহিঙ্গারা ‘খুব খুশি’ জানিয়ে তিনি বলেন, আর্মি তাদের অভয় দিয়েছে। এগুলো ভালো সংবাদ। নতুন শুরু।
তবে রাখাইনের ক্যাম্পে সেনাবাহিনী যাওয়ার খবর এখনও সরকারিভাবে আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। ‘বডিগার্ড’ ছিলেন সব নেতাকর্মীরা। কোনোদিন আমরা দেখিনি উনি পয়সা দিয়ে বডিগার্ড রেখেছেন। ওখানে (আল জাজিরার প্রতিবেদনে) বলা হয়েছে, ওনার দুই বডিগার্ড। এটা মিথ্যা তথ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


