বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
তিনি বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুনিমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভাব হয়েছে।’
তারেক রহমান বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।’
আরও পড়ুনঃ
তিনি বলেন, ‘এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিসহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


