
জুমবাংলা ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য দেখিয়ে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশেষজ্ঞরাও এখন অভিভূত।’
শুক্রবার (১২ মার্চ) জামালপুরের পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানো, মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। একসময় ডিজিটাল বাংলাদেশের নাম শুনলে যারা উপহাস করত, আজ তারা আর সে কথা বলে না। আজ তারা ডিজিটাল প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজেদের ভাগ্য উন্নয়ন করছে।’
পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের (বাবুল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকনোজ্জামান, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


