২০২৭ সালের জন্য পুনঃনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সেই সময়সূচিতে এখন নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে, এরপর মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।
আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।
এর আগে বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ৭ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড অক্টোবর ১৮, ২০ ও ২২ তারিখে সিডনিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এই তারিখগুলোতেই আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।
এরপর নিউজিল্যান্ড মার্চে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে তিনটি ওয়ানডে খেলবে।
৮ মার্চের ম্যাচটি হবে জংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। দিনটি মেলবোর্নে সরকারি ছুটির দিন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসও।
এই দুই ম্যাচের পরই ১১-১৫ মার্চ টেস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
নারী দলের ওয়ানডে ম্যাচগুলো মূল সূচির ১, ৫ ও ৭ মার্চের পরিবর্তে পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে দলগুলো শ্রীলঙ্কা থেকে ফিরে পর্যাপ্ত সময় পায়। এছাড়া শেষ দুটি ম্যাচ অ্যাডিলেডের পরিবর্তে মেলবোর্নে আয়োজিত হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, ১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাংশন ওভালে আলোয় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।
তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষভাবে নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন সূচি: –
অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ)
* ৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
* ১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
* ১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (টি-টোয়েন্টি সিরিজ)
* ১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
* ২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
* ২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (ওয়ানডে সিরিজ)
আরও পড়ুনঃ
* ৬ মার্চ: মানুকা ওভাল (দিবা-রাত্রি)
* ৮ মার্চ: জাংশন ওভাল (দিবা-রাত্রি)
* ১০ মার্চ: জাংশন ওভাল (সকাল ১০:০৫)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



