জুমবাংলা ডেস্ক : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই বৈঠকের আলোচ্য বিষয়ে দলটির স্থায়ী কমিটির কোনো নেতাই কথা বলেননি।
তবে দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈঠকে সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার বিকেলে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপত্বি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে।’
দলটির স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠক বিষয়ে সাধারণত আমি কিছু বলি না। এ বিষয়ে বিএনপি মহাসচিব কথা বলবেন। আর উনি কখন কিভাবে বলবেন, সেটাও আমি জানি না।’
বৈঠক বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘নরমাল আলোচনা হয়েছে।’
এদিকে বৈঠকের বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এদিকে রোববার সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন বলে দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে মোবাইল ফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়। সেখানেই তিনি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয়ে সাংবাদিকদের জানাবেন বলে সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ জার্নাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


