২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণ নিয়ে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো এবং স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। দুজনই নিজেদের দলের শক্তির কথা তুলে ধরলেও, আলোচনার শেষটা জমে ওঠে লিওনেল মেসিকে ঘিরেই।

প্রথমে মাসচেরানো বলেন, ফাইনালে তার সমর্থন অবশ্যই আর্জেন্টিনার পক্ষেই, ‘অবশ্যই আর্জেন্টিনা। এই দলের যে মানসিকতা, লড়াইয়ের স্পিরিট, আবেগ এবং মান সবকিছুই অসাধারণ। টুর্নামেন্ট যত এগিয়েছে, তারা ততই উন্নতি করেছে। শেষ ম্যাচেই আমরা দেখেছি তারা কী করতে পারে। আমার বিশ্বাস, ভালো একটি ফাইনাল খেলার এবং ট্রফি জেতার সব সামর্থ্য তাদের আছে।’
জাভিও স্বীকার করেন, আর্জেন্টিনা বড় দল এবং তারা জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। তবে স্পেনের শক্তির ওপরও পূর্ণ আস্থা রয়েছে তার, ‘আমি একমত, আর্জেন্টিনা দারুণ দল এবং তারা জানে কীভাবে জিততে হয়। কিন্তু স্পেনেরও সেই সামর্থ্য আছে। আমরা ইউরো জিতেছি, আমাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের শক্তিশালী ডিফেন্স, ভালো গোলরক্ষক এবং আমার মতে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ড রয়েছে।’
স্পেনের কৌশল নিয়েও নিজের মতামত তুলে ধরেন জাভি, ‘আমার বিশ্বাস, ম্যাচের গতি এবং বলের দখল আমাদের হাতেই থাকবে। এটাই স্পেনের পরিচয়। আর্জেন্টিনা বল ছাড়া কিছুটা ভোগে। তাই পুরো ম্যাচজুড়ে আমাদের বলের নিয়ন্ত্রণ রাখতে হবে। আর লামিনে ইয়ামালের মতো একজন খেলোয়াড় আছে, যে এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে।’
তবে জাভির বিশ্লেষণের মাঝেই হাস্যরসের সুরে মাসচেরানো মনে করিয়ে দেন সবচেয়ে বড় পার্থক্যের কথা, ‘হ্যাঁ, কিন্তু আমাদের দলে মেসি আছে… আর তোমাদের নেই!’
মাসচেরানোর এই মন্তব্যে হেসে সম্মতি জানান জাভিও, ‘হ্যাঁ, এটা ঠিক। আর সে কারণেই আমাদের ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হবে। পেনাল্টি বক্সের আশপাশে মেসি খুবই বিপজ্জনক। তাই কৌশলগতভাবে স্পেনকে পুরো ম্যাচ প্রতিপক্ষের অর্ধে খেলতে হবে, যাতে মেসি সেই জায়গাগুলোতে বল না পায়।’
শেষে জাভি যোগ করেন, ‘তবে এটা সহজ হবে না। এটা আর্জেন্টিনা তারা জন্মগত বিজয়ী, তাদের দলে বড় বড় খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, এটি অসাধারণ একটি বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুই কিংবদন্তির এই কথোপকথনই যেন ফুটবল বিশ্বের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে স্পেনের দখলভিত্তিক ফুটবল, অন্যদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার জয়ের মানসিকতা। বিশ্বকাপের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় উঠবে, তার উত্তর মিলবে ফাইনালের ৯০ মিনিটেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



