বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এ পরিবর্তন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় কার্যকর হবে। এসব পরীক্ষায় এখন থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বের কার্যবিবরণী টেবিলে উপস্থাপন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
মো. আব্দুল বারী আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



