জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

স্পোর্টস ডেস্ক : লেভান্তের মাঠে বার্সেলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল চির প্রতিদ্বন্দ্বীদের টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। তা কাজে লাগাতে পারল না জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল বেতিসের সঙ্গে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ নিয়ে বেতিসের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে জয়শূন্য রইল রিয়াল। সবশেষ মুখোমুখি লড়াইয়ে গত মে মাসে রিয়ালকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছিল বেতিস।
আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে আধিপত্য ধরে রেখে গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয় রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় সাফল্য মেলেনি।
সপ্তম মিনিটে করিম বেনজেমার শট ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক। পরের মিনিটেই বেনজেমার থ্রু বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এদেন আজার। তবে ভিএআরের সাহায্যে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। ৩৬তম মিনিটে দানি কারভাহালের পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ছোট ডি-বক্সের ভেতরে থাকা বেনজেমা।
বিরতির আগে শেষ মিনিটে বেতিসের প্রতি-আক্রমণে গোল হজম করতে বসেছিল রিয়াল। গোলরক্ষক থিবো কোর্তোয়া অনেকটা এগিয়ে থাকায় স্প্যানিশ ফরোয়ার্ড লোরেন মোরোন ডি-বক্সের অনেকটা বাইরে থেকে উঁচু করে শট নেন। বেশ খানিকটা ছুটে শেষ মুহূর্তে হাত ছুঁইয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।
৬১তম মিনিটে ভালো একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগো। দুই মিনিট পর প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।
৮২তম মিনিটে আবারও প্রতি আক্রমণে দূরপাল্লার জোরালো শটে চেষ্টা করেন বেতিসের ফরাসি ফরোয়ার্ড নাবিল ফেকির। এবারও কর্নারের বিনিময়ে তা রুখে দেন কোর্তোয়া।
যোগ করা সময়ে রিয়ালের বদলি ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের দুটি শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল।
দিনের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করা আতলেতিকো মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.