আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে চীনের একাধিক শহরের নিয়মিত কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। বিধি-নিষেধ শুধু সেখানকার বাসিন্দাদের চলাচলেই আরোপ করা হয়নি, হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তাদের বাড়ি যাওয়া এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ছোট্ট একটি শিশুকে চারদিকে কাঁচের দেয়াল দিয়ে ঘিরে ভেতরে একটি বিছানায় রাখা হয়েছে। শিশুটি তার বাবা বা মাকে দেখে হাত বাড়িয়ে দেয়। আর তাকে ছুঁতে না পেরে কাঁদছেন সেই বাবা বা মা।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
আরেকটি ভিডিওতে দেখা গেছে, চীনের ঝোকৌয়ের এক হাসপাতালে এক চিকিৎসাকর্মীর সঙ্গে দেখা করতে এসেছেন তার ছোট্ট মেয়ে। কিন্তু মায়ের সঙ্গে সংস্পর্শেও যেতে পারেনি ওই বাচ্চা। ওই সময় তারা একে অপরকে উড়ন্ত আলিঙ্গন করেন। ওই মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।
সংবাদমাধ্যমটির আপলোড করা ভিডিওতে দেখা যায়, ওই নারীর জন্য খাবার নিয়ে এসেছে তার বাচ্চা। সঙ্গে আরেকজন অভিভাবক। এ সময় মাকে দেখেই কান্না জুড়ে দেন মেয়ে। মা অনেকটা দূরে দাঁড়িয়ে। এরপর তারা একে অপরকে উড়ন্ত আলিঙ্গন করেন।
বাচ্চাটি এ সময় কাঁদতে কাঁদতে তার মাকে বলে, আমি তোমাকে খুব মিস করি। ওই সময় লি হাইয়ান নামের চিকিৎসাকর্মী তার কন্যাকে বলেন, আমি দৈত্যর বিরুদ্ধে লড়াই করছি। যখন এই ভাইরাস নিধন সম্পন্ন হবে তখন আমি বাড়ি ফিরে যাব।
মেয়েটি তখনও অঝোর ধারায় কাঁদছিল। মায়ের জন্য নিয়ে আসা খাবারও সে মায়ের হাতে দিতে পারেনি। খাবারের পাত্র এ সময় সে কিছুটা দূরে মেঝেতে রেখে আসে।
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই সেখানকার অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে অনেকেই বাহবা দিচ্ছেন ওই চিকিৎসাকর্মীকে।
প্রাণঘাতী এ করোনা ভাইরাসে চীনের মূল ভূখণ্ড এবং এর বাইরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। একদিনেই মৃত্যু হয়েছে ৭০ জনের। বুধবার (৫ ফেব্রুয়ারি) চীনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৮৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


