ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় আবেদনকারীদের জন্য সাইনআপ প্রক্রিয়া খোলা হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং চালু করা হয়। এদিন ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার সুযোগ দেওয়া হয়েছে।
আইভ্যাক জানায়, নতুন সিস্টেমে প্রতিদিন পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
এর আগে আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিংকটি আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক কর্তৃপক্ষ সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিশ্চিত করতে জারি করা নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
এছাড়া আবেদনকারীদের বিকাল সাড়ে ৫টার আগেই প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করে সাইনআপ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে কোনো সমস্যা না হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


