উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফের প্রথম লেগে বর্ণবাদী ঘটনার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উয়েফা।
গত সপ্তাহে পর্তুগালের ক্লাব বেনফিকা-র মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জয় পায়। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে তার উদযাপন ঘিরে স্বাগতিক দর্শক ও কয়েকজন বেনফিকা খেলোয়াড়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এরপর ভিনিসিয়ুস অভিযোগ করেন, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি জানাজানি হলে রেফারি প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখেন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দাবি করেন, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে কটূক্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রেস্তিয়ান্নি উয়েফাকে জানিয়েছেন, তিনি বর্ণবাদী কোনো মন্তব্য করেননি; বরং একটি সমকামীবিরোধী শব্দ ব্যবহার করেছিলেন বলে দাবি করেন।
উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগে প্রেস্তিয়ান্নি খেলতে পারবেন না। সংস্থাটি জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্তে বর্ণবাদী আচরণ প্রমাণিত হলে উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী সর্বোচ্চ ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


