দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই ভোট হচ্ছে আগামীকাল। পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়েছেন প্রবাসীরা ও বিভিন্ন অপরাধে কারাগারে থাকা মানুষও। সময়মতো পোস্টাল ব্যালটের নিবন্ধন করতে না পারায় ভোট দিতে পারছেন না সাড়ে পাচ লাখ আনসার ও ভিডিপি সদস্য।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে বদলি করা হয়েছে। তারা ভোট দিতে না পারা দুঃখজনক।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, চাকরিজীবী ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করতে বলা হয়। সময়ের মধ্যে কেউ অংশ না নিলে এখন কিছু করার নেই। পোস্টাল ভোটের সময় চলে যাওয়ার পর আনসার ও ভিডিপি সদস্যদের বদলির কথা জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার ভোটাধিকার প্রয়োগের যুগান্তকারী পদক্ষেপ নিলেও শেষপর্যায় এসে এই সিদ্ধান্ত নেয় ইসি। দেশ স্বাধীন হওয়ার পর ভিডিপি সদস্যরা কখনো নিজ এলাকা ছাড়া নির্বাচনে দায়িত্ব পালন করেননি। কিন্তু ব্যতিক্রম এবার একটি দলের আবদার মেটাতে গিয়ে ইসি ভিডিপি সদস্যদের নিজ থানা থেকে অন্য থানায় দায়িত্ব বণ্টনের জন্য আদেশ দেয়। শেষ পর্যন্ত বাহিনীর অনুরোধে এক ইউনিয়ন থেকে পাশর্^বর্তী ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে বদলি করা হচ্ছে। এক সিদ্ধান্তে ভোটাধিকার-বঞ্চিত দেশের ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য। বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আইন আদেশ ১৯৭২ এর আওতায় যারা ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হতে পারবেন না তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। এর মধ্যে প্রধানত বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, কারাগারে বন্দি, নির্বাচনের দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া যা চলমান থাকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে দেশে প্রথম বারের মতো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। তবে পোস্টাল বিডি অ্যাপসে নিবন্ধন সময়সীমা পার হওয়ার পর আনসার ও ভিডিপি সদস্যদের ভোট কার্যক্রমে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় এই সুযোগ বঞ্চিত হচ্ছেন তারা। প্রশ্ন উঠেছে, সব নাগরিকের ভোটাধিকার প্রয়োগের যুগান্তকারী সিদ্ধান্তের সময়ও কেন ভোটাধিকার বঞ্চিত হচ্ছেন এই বিপুলসংখ্যক আনসার সদস্য। বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও শৃঙ্খলার সীমাবদ্ধতা থেকে এ নিয়ে সোচ্চার হতে পারছেন না। এবারের নির্বাচন ও গণভোটে ঢাকায় প্রায় ২৮ হাজার, গাজীপুরে ১২ হাজার, টাঙ্গাইলে প্রায় ১৪ হাজার, দিনাজপুরে ১২ হাজার, কুমিল্লায় ১৯ হাজার আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী কাজে যুক্ত থাকবেন। দেশের বিভিন্ন জেলা-উপজেলাগুলোয় ভিন্ন ভিন্ন সংখ্যায় একইভাবে দায়িত্ব পালন করবেন এই ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য। এ ছাড়া এর পাশাপাশি আরও ১১ হাজার সশস্ত্র এজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। গত ৫ জানুয়ারি নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের যুক্ত করার প্রাথমিক নির্দেশনা দেয় বাহিনী। ১৫ জানুয়ারি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রস্তুতির বিষয়টি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিশ্চিত করেন। কিন্তু ততদিনে শেষ হয়ে যায় পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিবন্ধন সময়সীমা।
‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা
গত কয়েকদিনে সরেজমিনে টাঙ্গাইলের একাধিক আনসার ও ভিডিপি সদস্যের সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের প্রতিনিধির। এ সময় নির্বাচনী দায়িত্বে যুক্ত হওয়া ফায়জুল করিম নামে এক আনসার সদস্য বলেন, সর্বশেষ নির্বাচনে ভোট দিতে যাইনি। এবার ইচ্ছা ছিল কিন্তু নির্বাচনী দায়িত্ব পালন করার কারণে ভোট দিতে পারব না। কমান্ডার সেলেনা বেগম বলেন, ‘ভোট দেওয়ার ইচ্ছা আছে। সুযোগ দিলে ভোট দিবো।’ আনসার দলনেতা শাহ আলম বলেন, ‘বিষয়টি নিয়ে কথা বলতে পারি না। নির্বাচনী দায়িত্বের কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিলে ভাল হতো।’
আনসার ও ভিডিপির টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম বলেন, ‘আনসার সদস্যদের অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল। তবে নির্বাচনী প্রক্রিয়ায় সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছিল তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় তাদের ভোট দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


