
জুমবাংলা ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন ও দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে দু’দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। আসামিপক্ষে মোহাম্মদ মিলন হোসেন জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৯ আগস্ট দক্ষিণখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই আব্দুল আজিজ। তবে এদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।
গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে আসামি বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামে এ ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন মামলাটি দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


