পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নৌপথে। এরই মধ্যে ভোলাগামী যাত্রীরা মাঝনদীতে লঞ্চের ছাদে ঈদের নামাজ আদায় করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা যায় এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে। লঞ্চ সূত্র ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যায় এমভি দোয়েল পাখি-৮ লঞ্চ। পথে সকাল ৯টার দিকে মেঘনা নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে লঞ্চের ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ যাত্রী অংশ নেন।
নামাজে অংশ নেওয়া যাত্রীদের অনেকে বলেন, ঈদের দিন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে আগের দিন টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে ঈদের সকালেই রওনা হতে হয়েছে। তবে যাত্রাপথেই ঈদের নামাজ আদায়ের সুযোগ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
ভোলাগামী যাত্রী মো. সাইফুল ইসলাম বলেন, চাকরির কারণে আগেই বাড়ি যেতে পারিনি। তাই ঈদের দিন সকালে রওনা হয়েছি। মাঝনদীতে হলেও জামাতে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে।
আরেক যাত্রী নাজমুল হোসেন বলেন, লঞ্চের ছাদে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। নদীর মাঝখানে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।
দোয়েল পাখি-৮ লঞ্চের মাস্টার আক্তার হোসেন জানান, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে লঞ্চের ছাদ পরিষ্কার করে নামাজের ব্যবস্থা করা হয়। যাত্রীরা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সে জন্য কর্মচারীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে লঞ্চ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নদীপথে ঈদযাত্রায় এমন দৃশ্য নতুন না হলেও মাঝনদীতে শত শত মানুষের একসঙ্গে ঈদের নামাজ আদায়ের এ আয়োজন যাত্রীদের মধ্যে ভিন্নমাত্রার আবেগ ও উৎসবের আমেজ তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



