
জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ আবারো বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এমতাবস্থায় সবার মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সেখানে তিন নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, ভ্যাকসিন গ্রহণ করি বা না করি আমরা যেন অবশ্যই তিনটি জিনিস মেনে চলি। অবশ্যই বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। সর্বোচ্চ সতর্কতা নেওয়া এবং গণ জমায়েত এড়িয়ে চলা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে সরকার যখন বড় আয়োজনের দিকে যাচ্ছে ঠিক তখনি করোনা সংক্রমণ বৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মাঠ প্রশাসনকে আবারো সর্তক করে দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্ক পরার বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


