
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে লক্ষাধিক শিক্ষককে বরখাস্ত করেছে জান্তা সরকার। সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় এসব শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। মিয়ানমার শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে রয়টার্স। মিয়ানমারে খুব শিগগিরই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। কিন্তু শিক্ষক ও অভিভাবকদের অনেকেই অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে স্কুল বয়কট করে আসছেন। শনিবার আন্দোলনরত সেসব শিক্ষককেই চাকরিচ্যুত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, শিক্ষক ফেডারেশনের এক শিক্ষক জানিয়েছেন, মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। জান্তা সরকারে ওয়ান্টেড লিস্টে রয়েছেন ওই শিক্ষক। দুই বছর আগের এক হিসাব অনুযায়ী, মিয়ানমারে চার লাখ ৩০ হাজার শিক্ষক আছেন।
ওই শিক্ষক বলেন, ‘এই বিবৃতিগুলো আসলে জনগণকে কাজে ফেরানোর জন্য হুমকি। তারা যদি আসলেই এতজন শিক্ষককে চাকরিচ্যুত করে, পুরো ব্যবস্থা ভেঙে পড়বে।’
তিনি আরও বলেন, কাজে ফিরে গেলে তার ওপর থেকে অভিযোগ তুলে নেওয়া হবে।
এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শিক্ষাব্যবস্থা পুনরায় চালু করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের শিক্ষা খাতের মতো স্বাস্থ্য ও অন্যান্য সরকারি খাত এবং বেসরকারি ব্যবসাও ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষক ফেডারেশন জানায়, প্রায় সাড়ে ১৯ হাজার বিশ্ববিদ্যালয় কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।
মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দেশটির নেত্রী অং সান সু চিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ।
স্বাস্থ্য খাত, সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে শরিক হন।
এ বছরের জুনে শুরু হচ্ছে সেখানে নতুন শিক্ষাবর্ষ। এ জন্য আগামী সপ্তাহে শুরু হচ্ছে স্কুলগুলোতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন। কিন্তু অনেক অভিভাবক বলেছেন, তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


