
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নের সড়ক ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে নবতর যাত্রার সূচনা আমরা করেছি। আমরা মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি। সোনালি যুগে পৌঁছানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
সোমবার (৭ জুন) ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে ৬ দফাভিত্তিক ১১ দফা আন্দোলন, ৬৯ সালের বিস্ফোরিত বাংলাদেশ, তারপর বঙ্গবন্ধুর মুক্তি, এরপর সত্তরের নির্বাচন। নির্বাচনের পরে ৭ মার্চ— এটা ধারাবাহিক প্রক্রিয়া। ৭ জুন আমাদের স্বাধীনতার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।
সেতুমন্ত্রী আরও বলেন, ৬ দফার লক্ষ্য ছিল দুটি। একটি হলো বাঙালির স্বাধীনতা, আরেকটি হলো মুক্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আমরা অর্জন করেছি। কিন্তু এখন আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম করছি।
ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে, তাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আস্থার অভাব রয়েছে। তারা স্বাধীনতার চেতনায় যদি বিশ্বাসী হতো তাহলে ৭ মার্চ, ৭ জুন- এই দিবসগুলোর প্রতি শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। আওয়ামী লগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বয়কট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


