
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ‘ঈদুল আজহা শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বড় বড় নৌঘাটগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি বা সমস্যা না হয়।’
রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘাটগুলোতে যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, প্রকল্পের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, পনটুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নৌপথ সচল রাখা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির নৌযান পরিচালনার জন্যও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



