যুদ্ধবিরতি নিয়ে আরেক নতুন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, নিশ্চয়তা ও ক্ষতিপূরণ ছাড়া যুদ্ধ শেষ হবে না। রোববার (১৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আব্বাস আরাঘচি বলেন, ভবিষ্যতে আমরা আর হামলা করব না এর নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সংঘাতের অবসান হবে না। আরবি সংবাদপত্র আরাবি আল জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হওয়া হামলার তদন্তে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনে তেহরান প্রস্তুত।
আরাঘচি জানান, ইরানের সামরিক অভিযান কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে সেই সব অঞ্চলে পরিচালিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর কোনো বেসামরিক বা আবাসিক এলাকায় ইরান হামলা চালায়নি।
তিনি এও অভিযোগ করেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে বেসামরিক স্থাপনায় হামলার পেছনে ইসরায়েল থাকতে পারে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের মতো লুকাস নামের একটি ড্রোন তৈরি করেছে। এই ড্রোন ব্যবহার করে আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তাহলে তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনায় আঘাত হানবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের যেকোনো চেষ্টা আক্রমণের চেয়েও বড় ভুল হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী কেবল আমেরিকা ও তার মিত্রদের ব্যতিত সব দেশের জাহাজের জন্য খোলা থাকবে।
আরাঘচি বলেন, এখনো যুদ্ধ শেষ করার জন্য কোনো স্পষ্ট উদ্যোগ সামনে আসেনি। তবে ন্যায়সঙ্গত সমাধানের দিকে নিয়ে যেতে পারে এমন যেকোনো আঞ্চলিক প্রস্তাবকে ইরান স্বাগত জানাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


