স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরে যেতে হয়েছে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল আলবিসেলেস্তেরা। ভরাডুবি ঘটে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। মেসির দল বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে।

ফাইল ছবি
Advertisement

অধরা বিশ্বকাপ শিরোপা জেতার আরও একটি সুযোগ পাচ্ছেন মেসি। চলতি বছর কাতারে বসছে বিশ্বকাপের নতুন আসর। যেখানে গ্রুপপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। অনেকের মতে, সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা।

তবে মেসি মোটেও সহজভাবে নিচ্ছেন না এই গ্রুপকে। রাশিয়া বিশ্বকাপে করা ভুল এবার পুনরাবৃত্তি চান না আর্জেন্টিনার অধিনায়ক। তার মতে, গ্রুপপর্ব থেকে শুরু করে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সমান গুরুত্বপূর্ণ ও কঠিন।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে ছিল ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। সেবার আইসল্যান্ডের সঙ্গে ড্র ও ক্রোয়েশিয়ার কাছে হেরে বিপদেই পড়ে গিয়েছিল তারা। শেষ ম্যাচে ৮৬ মিনিটের গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা। ফ্রান্সের কাছে হেরে অবশ্য দ্বিতীয় রাউন্ডেই থেমে যায় যাত্রা।

তাই এবার সতর্ক মেসি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে জানি, কোনো দলই সহজ নয়। গত বিশ্বকাপে আমরা গ্রুপিং দেখে উদযাপন করছিলাম। কিন্তু শেষে গিয়ে এটি খুব কঠিন হয়ে গেলো।’

প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে মেসির দল। এক ম্যাচ সম্পর্কে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ সবসময় আলাদা, প্রতিপক্ষ যারাই হোক না কেন। আমাদের অনেক ছেলের জন্য এটি প্রথম বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে। এসব ম্যাচে জয়ের তাড়না সবচেয়ে বেশি থাকে।’

প্রথম ম্যাচ জয়ের গুরুত্ব জানিয়ে মেসি আরও বলেন, ‘প্রথম ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ওর ওপর টুর্নামেন্টের আসন্ন ম্যাচগুলোও নির্ভর করে। সত্যি বললে, এটি খুবই রোমাঞ্চকর গ্রুপ। মাঠে নামতে উদগ্রীব আছি। আমি বিশ্বাস করি সামনে আসা যেকোনো মুহূর্তের জন্য আমরা প্রস্তুত।’

গ্রুপের আরেক দল মেক্সিকো সম্পর্কে তিনি বলেন, ‘এই দলটি সবসময় আমাদের কঠিন চ্যালেঞ্জ জানায়। যদিও সৌভাগ্যবশত আমরা চ্যালেঞ্জ উৎরে যেতে পেরেছি আগে। তারা পরিস্কার ভাবনা নিয়ে খেলে। তাদের কোচ আর্জেন্টিনা ও আমাদেরকে খুব ভালোভাবে চেনে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.