দেশের বাজারে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ১৪ বার রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দফায় দফায় দাম বাড়ার ফলে মাসজুড়েই রুপার বাজারে অস্থিরতা বিরাজ করেছে এবং কয়েকবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

রুপার বাজারে চলছে চরম অস্থিরতা। হঠাৎ করেই দাম উঠে যাচ্ছে রেকর্ড সর্বোচ্চে, আবার হঠাৎ করেই দেখা দিচ্ছে বড় পতন। উত্থান-পতনের বাজারে চলতি বছরের প্রথম মাসেই এই ধাতুর দাম সমন্বয় করা হয়েছে মোট ১৪ বার। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৪ দফা।
সবশেষ গত ৩০ ও ৩১ জানুয়ারি টানা ২ দফা রুপার দাম কমিয়েছে বাজুস। দুই দিনে যথাক্রমে ভরিতে ৮১৬ টাকা ও ৪৬৭ টাকা কমানো হয়েছে। এতে দুই দিনে মোট ১ হাজার ২৮৩ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকা।
জানুয়ারি মাসটি শুরু হয়েছিল ১ জানুয়ারি দাম কমার মধ্য দিয়ে। তবে এরপর ৫ জানুয়ারি বাড়ানো হয় রুপার দাম। এরপর ৮ জানুয়ারি দাম কমিয়ে এই ধাতুর দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৫৪০ টাকা।
তবে এরপরই রুপার বাজারে দেখা দেয় টানা উত্থান। ১২, ১৯, ২০ ও ২১ জানুয়ারি টানা ৪ দফা বাড়ানো হয় দাম। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম গিয়ে ঠেকে ৬ হাজার ৮৮২ টাকা। এর মধ্যে ১৯, ২০ ও ২১ জানুয়ারি দাম বেড়ে প্রতিবারই দেশে সর্বোচ্চে পৌঁছায়।
গত ২২ জানুয়ারি ভরিতে ৫২৫ টাকা কমিয়ে রুপার দাম নির্ধারণ করা হয় ৬ হাজার ৩৫৭ টাকা। তারপর ২৪ ঘণ্টারও কম সময়ে গত ২৩ জানুয়ারি ৫২৫ টাকা বাড়িয়ে রুপার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়।
এরপর ফের ২৫, ২৬ ও ২৯ জানুয়ারি টানা বাড়ানো হয় মূল্যবান এই ধাতুর দাম। প্রতিবারই তৈরি হয় নতুন রেকর্ড। গত ২৯ জানুয়ারি ৮১৬ টাকা বাড়িয়ে রুপার দাম নির্ধারণ করা হয় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৮ হাজার ৫৭৩ টাকা।
তবে এরপরই ঘটে ছন্দপতন। গত ৩০ ও ৩১ জানুয়ারি টানা ২ দফায় এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে রুপার দামের অস্বাভাবিক উত্থান-পতনের কারণেই বারবার দাম সমন্বয় করতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এবং অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


