
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব মানবতার জন্য একশো এক বছর বয়সী যুক্তরাজ্য প্রবাসী দবিরুল ইসলাম চৌধুরী ওবিই রোজা রেখে হাঁটলেন তার বাড়ির বাগানে। সাথে হাঁটলেন লন্ডনের মেয়র সাদিক খানসহ নানা ধর্মের প্রতিনিধিরা। শনিবার (২৪ এপ্রিল) লন্ডন সময় দুপুর দুইটায় ‘ওয়াক উইথ দবিরুল ইসলাম’ কর্মসূচিতে যোগ দেন আরও অনেকে।
বয়সের অংকে শতক পাড়ি দেয়া দবিরুল ইসলাম, কমিউনিটিতে যিনি এখন দবির চাচা হিসেবেই বেশ পরিচিত। গতবছর নিজ বাগানে প্রতিদিন হেটেছেন, তার আহ্বানে সাড়া দিয়ে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ব্যক্তি দান করেছেন ৪ লাখ ২০ হাজার পাউন্ড। ব্রিটিশ স্বাস্থ্যবিভাগের পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে সেই অর্থ বিতরণ করা হয়েছে। ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমে দবির চাচার এই মাইলফলক উদ্যোগ ব্যাপকভাবে প্রসংশিত হয়। স্বীকৃতি হিসেবে রাণী দ্বিতীয় এলিজাবেথ ওবিই খেতাবে ভূষিত হন তিনি।
এবারের রমজানেও হাটার এই কর্মসূচির মাধ্যমে অর্থ সংগ্রহে নেমেছেন দবির চাচা। সংগ্রহকৃত এসব অর্থ পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন দেশের অসহায়, দরিদ্রদের কাছে। পৌঁছে যাবে সিরিয়ায় যুদ্ধবিধ্বস্তদের মাঝেও।
দবিরুল ইসলাম চৌধুরী ওবিই জানান, বিভিন্ন দেশের মানুষ আমার সাথে হাঁটছে, এটা আমার জন্য অনেক গৌরবের। খুশির খবর।
এই কার্যক্রমে অংশ নিয়ে দবির চাচার ভূয়সী প্রশংসা করেন লন্ডন মেয়র সাদিক খান।
শনিবার দবির চাচার সাথে বাগানে হাঁটেন বিভিন্ন ধর্মের স্থানীয় প্রতিনিধিরা। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তত ১শ ৮০টি শহরের ব্যক্তিরা দবির চাচার এই কর্মসূচিতে অংশ নেন।
দবির চাচার এই উদ্যোগের পুরোটাই আয়োজন করেছেন ব্রিটেনের জনপ্রিয় বাংলা গণমাধ্যম চ্যানেল এস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


