লিবিয়ার সাবেক দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে এবং এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফ আল-ইসলাম গাদ্দাফি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান।
লিবিয়ায় দায়িত্বরত আল-জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানিয়েছেন, ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম গত এক দশক ধরে জিনতান শহরেই অবস্থান করছিলেন। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সাইফ আল-ইসলাম লন্ডনের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাবার শাসনামলে লিবিয়ার দমনমূলক শাসনের বিপরীতে নিজেকে এক জন প্রগতিশীল মুখ হিসেবে উপস্থাপন করেছিলেন। ২০০০ সালের শুরুতে পশ্চিমের সাথে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তিনি মূল ভূমিকা পালন করেন।
২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের পর তিনি বিদ্রোহীদের হাতে বন্দী হন। ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেলেও তিনি জিনতান এলাকাতেই বসবাস করে আসছিলেন।
লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


