
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার বাংলাদেশে আসার আগে এক টুইটে তিনি বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে রাজাপাকসে ঢাকায় আসার পর আরো একটি টুইট করেছেন, এই টুইটে তিনি লিখেছেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।
বিমানবন্দরে মাহিন্দা রাজাপক্ষেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: মাহিন্দা রাজাপাকসের টুইটার দুই দিনের ঢাকা সফরের সময় রাজাপাকসে শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও বৈঠক করবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


