জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে কৃষি জমিতে ফসলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তোলা সেই ১০০ বিঘা জমির ধান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যাবে। এর থেকে কিছু অংশ দেওয়া হবে স্থানীয় কৃষক ও এই প্রকল্পের সাথে জড়িত শ্রমিকরা।
শনিবার (২০ মার্চ) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্পের জাতীয় পরিষদের প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি জানান, ধান পাকলে আমরা শুধু ধানের শীষটুকু কেটে নেব এবং বাকি অংশগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এর পর উৎপাদিত এই ফসল যাবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। অনেক আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আশা করছি সেখান থেকে এই ফসল বীজ হিসেবে দেশের অন্যান্য জেলার কৃষকরাও পাবেন। এই শিল্পকর্মটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ার পাশাপাশি সারাদেশের কৃষকদের উজ্জীবিত করেছে। “শস্যচিত্রে বঙ্গবন্ধু” বিষয়টি দেশের কৃষকদের ধান চাষে অনুপ্রেরণা যোগাবে। এতে বগুড়ার কৃষকরা নিজেদের সম্মানিত বোধ করেছেন বলে আমাদের জানিয়েছেন।
যারা এ কাজে শ্রম এবং জমি দিয়েছেন তারা উৎপাদিত ফসল পাবেন কি না জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এটা একটা ভালো প্রস্তাব, আমরা স্থানীয় কৃষক-শ্রমিকদেরও কিছু অংশ বণ্টন করতে পারব বলে আশা করছি।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ১০০ বিঘা জমিতে শস্য দিয়ে তৈরি চিত্রটি শস্য ক্ষেতে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


