রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল।

বুধবার (৬ মে) আদালতে তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। এ সময় তিনি আবদুল জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহের কথা জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শাপলা চত্বরের ওই হত্যাযজ্ঞের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন আবদুল জলিল মন্ডল। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাপলা চত্বরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে গত বছরের ৫ মে আব্দুল জলিল মন্ডলসহ ১২ জনের বিরুদ্ধে শাপলা হত্যাযজ্ঞের ঘটনায় মামলা হয়। ওই মামলার দুই নম্বর আসামি আবদুল জলিল মন্ডল।
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সেদিন হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে অভিযানের ঘটনায় এখন পর্যন্ত চার জেলায় নিহত ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে।
নিহত কয়েকজনের ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্ত ও তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ ও কুমিল্লায় এক জন নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


