আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ থেকে ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হবে দ্বিপাক্ষিক নানা বিষয়ে। তবে সবচেয়ে গুরুত্ব পেতে পারে আসামের নাগরিক তালিকা বা এনআরসি ইস্যু। শনিবার (১৪ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার এই সফরে আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া ব্যক্তিদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ উদ্বেগ তুলে ধরতে পারে।আসামের রাজনীতিবিদদের প্রকাশ্যে মন্তব্যের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারত বাংলাদেশকে বোঝাতে হবে যে, এখানে বসবাসরত তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগস্টে তার প্রথম বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেনকে বলেছেন, আসামে বসবাসরত অবৈধদের চিহ্নিত করা ভারতের অভ্যন্তরীণ বিষয়।
এদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এস জয়শঙ্কর জানান, এনআরসিতে ১৯ লাখ বাদপড়াদের নিয়তি নির্ধারণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তারা ফরেনার্স ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।আসামের নাগরিক তালিকা ছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতের সাহায্য চাইতে পারে। এছাড়া, দুদেশের পানিবন্টন প্রক্রিয়া, সন্ত্রাসবাদরোধে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলেও জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



