স্পোর্টস ডেস্ক : বিকেলের মধ্যে খেলাধুলা যা আছে শেষ করে সন্ধ্যে হলেই হাত-পা ধুয়ে পড়তে বসে যাওয়া – ছোটবেলায় এ স্মৃতি নেই, এমন মানুষ এ দেশে খুঁজে পাওয়া দুষ্কর। জিম্বাবুয়ে ক্রিকেট দলের যেন এতদিন সেই ‘সন্ধ্যে হলে পড়তে বসা’র তাগিদ ছিল! রাতের বেলায় যে খেলার কোনো উপায় ছিল না তাদের!

Advertisement

আইসিসির সহযোগী সদস্যপদ তারা পেয়েছে ১৯৮১ সালের জুলাইয়ে, সে হিসাবে ৪২ বছর। এর আগে রোডেশিয়া নামে তো জিম্বাবুইয়ানরা ক্রিকেট খেলে গেছেন সেই ১৯০৪ সাল থেকেই। আইসিসির পূর্ণ সদস্যপদ জিম্বাবুয়ে পেয়েছে ১৯৯২ সালে। কিন্তু এত বছর পর এসে এমন এক অদ্ভুত ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, যা আলাদা করে না বললে কজন বিশ্বাস করতেন সন্দেহ আছে!

অদ্ভুত ইতিহাসটা কী? ফ্লাডলাইটের আলোতে খেলা!

ডে-নাইট টেস্টের চল তো এই সেদিন শুরু হলো, টেস্টের হিসাব তাই বাদ। সেই ১৯৮১ সাল থেকে আজকের আগ পর্যন্ত নিজেদের মাঠে ২৩৬টা ওয়ানডে আর ৪৯টা টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ে, ‘সন্ধ্যে হলে পড়তে বসা’র মতো সব ম্যাচই শেষ করতে হয়েছে বিকেলের মধ্যে। কাল সেদিক থেকে ইতিহাসই গড়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচটা আর হারারেতে জিম্বাবুয়ে খেলেছে ফ্লাডলাইটের আলোয়। দিবারাত্রির হোক বা রাত্রিকালীন – জিম্বাবুয়ের ক্রিকেট এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখল রাতের বেলায়।

উপলক্ষ যেমন ইতিহাসগড়া, সেটির সঙ্গে মানানসই এক ম্যাচই হয়েছে কাল হারারেতে। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শেষ বলে ১ উইকেটে জিতে উপলক্ষটা রাঙিয়ে রেখেছে জিম্বাবুয়ে। টস জিতে আগে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। অ্যান্ডি বলবার্নির ২৫ বলে ৩২ রানের পাশাপাশি লরকান টাকারের ২১, হ্যারি টেক্টরের ২৪ ও শেষদিকে গ্যারেথ ডেলানির ১১ বলে ২৬ রানে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান।

জবাবে জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন বল হাতেও যিনি জ্বলে উঠেছিলেন সেই সিকান্দার রাজা। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেওয়া রাজা ব্যাটিংয়ে নেমে ৪২ বলে করেছেন ৬৫ রান। তবে ১৯তম ওভারের তৃতীয় বলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রাজা যখন আউট হচ্ছেন, জিম্বাবুয়ের তখনো ৯ বলে ১১ রান দরকার। ওভারের বাকি তিন বলে ২ রান এল, এরপর শেষ ওভারে ৯ রানের সমীকরণে হলো নাটক।

ম্যাকার্থির ওভারের দ্বিতীয় বলে দুই রান নেন গোয়েন্দু, তৃতীয় বলে সিঙ্গেল। ৩ বলে দরকার ৬ রান, হারারের গ্যালারি রুদ্ধশ্বাস। চতুর্থ বলে ম্যাকার্থির অফ কাটারকে এনগারাভা স্কয়ার লেগে বাউন্ডারিছাড়া করতেই লাফিয়ে ওঠে গ্যালারি। ২ বলে আর ২ রান দরকার, পঞ্চম বলে আবার গ্যালারি নিস্তব্ধ। অবিশ্বাসমাখা মুগ্ধতাও সেখানে। মার্ক অ্যাডায়ার যে শর্ট থার্ড ম্যান থেকে পেছনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে দুই হাতে চোখধাঁধানো এক ক্যাচ নিয়েছেন!

শেষ বলে দরকার ২ রান। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, না সুপার ওভার? তিন সম্ভাবনাই যখন সমানে-সমান, ম্যাকার্থির বল নতুন ব্যাটসম্যান মুজারাবানির ব্যাটের ভেতরের কানায় লেগে গেল পেছনে। উইকেটকিপার ঠিকমতো ধরতে পারলেন না। দৌড়েই দুই রান নিয়ে ফেললেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান!

ইতিহাসগড়া ম্যাচ শেষ হলো রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে, জিম্বাবুয়ের জয়ের উল্লাসে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.