আগামী অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের ভাতা ও পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর করার লক্ষ্যে কাজ চলছে। কীভাবে সবচেয়ে কার্যকরভাবে এটি বাস্তবায়ন করা যায়, সে বিষয়েই এখন আলোচনা ও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটেই নতুন পে-স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। তবে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের সুবিধাও বাড়ানো হচ্ছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান—এমন ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে বাড়তে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীরা পেতে পারেন প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।
পাশাপাশি বয়সভিত্তিক চিকিৎসা ভাতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উচ্চ বেতনের সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা তুলনামূলক কম হারে বাড়ানোর চিন্তাও রয়েছে। একই সঙ্গে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের পরিবর্তে কাটছাঁট করে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



