সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বেতন কাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি আধুনিক ও কার্যকর রোডম্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানে গণমাধ্যমকর্মীদের সংগঠনগুলোর প্রস্তাব ও সহযোগিতা প্রয়োজন।

গতকাল রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল–পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিছু আইনি ও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে ‘রুলস অব বিজনেস’-এর কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা সব ক্ষেত্রে থাকে না। এসব সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনে নিয়মকানুন পুনর্মূল্যায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ডিজিটাল যুগে মানুষের মৌলিক অধিকারের তালিকায় ডিজিটাল সেবাও যুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সমস্যার গভীরে গিয়ে তা সমাধানের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সাংবাদিকতার পেশাদারিত্ব রক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, অনেক সময় কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। এ ধরনের বিশৃঙ্খলা দূর করে প্রকৃত সাংবাদিকদের অধিকার রক্ষায় মালিকপক্ষ ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত বিশ্লেষণধর্মী প্রতিবেদনের পর সড়ক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে এবং সিসিটিভি, ডিজিটাল সিগন্যাল ও ট্রাফিক মনিটরিং ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


