Advertisement
স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্টে বর্ণবাদের ঘটনা নিয়ে রীতিমত ক্ষুব্ধ ভারতীয়রা। এটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আপাতত ছুটিতে থাকলেও, টুইট করে নিন্দা জানিয়েছেন টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করেছেন লক্ষণ-শেবাগ-হরভজনরাও। ভারতীয়দের পাশাপাশি সমালোচনায় মুখর অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরাও। দর্শকদের কাণ্ডকে বিব্রতকর বলেছেন অজিদের হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার। তোপের মুখে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অর্থ খরচ করে মাঠে খেলা দেখতে যান দর্শকরা। তাই বলে কি খেলোয়াড়দেরকে যা খুশি তাই বলা সাজে! উন্মাদ দর্শককে ওসব বলে অবশ্য লাভ নেই।

গ্যালারি থেকে ছুটে আসা আজেবাজে কথায় কর্ণপাত না করেই খেলা চালিয়ে যান পেশাদার ক্রীড়াবিদ। কিন্তু, সিডনির ঘটনা উস্কে দিয়েছে সংবেদনশীল এক ইস্যুকে। যে বর্ণবাদ নিয়ে গেলো বছর উত্তাল ছিলো বিশ্ব, অস্ট্রেলিয়ার গুটিকয়েক ক্রিকেট দর্শক নতুন করে তা সামনে এনেছে। ভারতীয় দুই ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দিয়েছে।

আম্পায়ারদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছে টিম ইন্ডিয়া। ওই দর্শকদের মাঠ থেকে বেরও করে দেয়া হয়েছে। তাও যে কমছে না ক্ষোভ। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে যাওয়া বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব থেকে আপাতত বিরতি নিলেও, সতীর্থের অপমানিত হওয়াটা সহ্য হয়নি তার। তাইতো টুইটারে কড়া ভাষায় করেছেন সমালোচনা। টুইটার গরম করে রেখেছেন ভিভিএস লক্ষণ, বিরেন্দর শেবাগ ও হরভজন সিংয়ের মতো সাবেকরাও। সংবাদ সম্মেলনে রাখঢাক রাখেননি স্পিনার অশ্বিনও।

রবিচন্দ্রন অশ্বিন বলেন, অস্ট্রেলিয়ায় এ নিয়ে চতুর্থবার সফরে এসেছি। অ্যাডিলেড আর মেলবোর্নে অতটা সমস্যা হয়নি। তবে, বিশেষ করে সিডনিতে আগেও বাজে অভিজ্ঞতা হয়েছে। গ্যালারির নিচের সারি থেকে বেশি বাজে মন্তব্য আসে। খুবই অপমানজনক কথাবার্তা বলে তারা। কিন্তু, এবার তারা সবকিছুকে ছাড়িয়ে গেছে। বর্ণবাদী আচরণ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ন্যক্কারজনক। আমরা নালিশ জানিয়েছি। আম্পায়াররাও বলেছেন এ ধরনের ঘটনা হলেই তাদের জানাতে। যাতে তারা ব্যবস্থা নিতে পারে।

অস্ট্রেলীয়দের নাকি নাক উঁচু। মাঠের স্লেজিং তো বটেই, মাঠের বাইরে তাদের দর্শকরাও ছাড়ে না প্রতিপক্ষকে। তবে, এ বিষয়টা মোটেও পছন্দ না অজি কোচের।

জাস্টিন ল্যাঙ্গার বলেন, এটি আসলেই বিব্রতকর। যারা আমাকে চেনে, তারা ভালোভাবে জানে যে, আমার অপছন্দের তালিকায় অন্যতম এটা। খেলোয়াড়ি জীবনেও এগুলো আমি ঘৃণা করতাম। বিশ্বের বিভিন্ন জায়গায় বর্ণবাদ দেখেছি। অস্ট্রেলিয়াতেও এটা দেখে সত্যিই খারাপ লাগছে। গেল কয়েক বছর ধরে এ নিয়ে কথা হচ্ছে। তারপরও এগুলোর মুখোমুখি হওয়াটা দুঃখজনক। দু’দলই সিরিজটা পূর্ণ উদ্যমে খেলছিলো। কিন্তু, এমন ঘটনায় তা বাধাগ্রস্ত হলো, যেটা লজ্জাজনক।

আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারপরও নাকি বরফ গলছে না। কেউ কেউ নাকি খেলা বয়কটের কথাও বলছেন।

কিন্তু, ক্রিকেট মাঠে বর্ণবাদ কি এই প্রথম! ভারতের মাটিতে আইপিএলের সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামি। নিজের ক্রিকেট ক্যারিয়ারে কতটা যন্ত্রণায় ভুগেছেন, তা বর্ণনা করতে গিয়ে মাইকেল হোল্ডিংয়ের কেঁদে ফেলার দৃশ্যটাও যে চোখে ভাসে এখনও!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.