Advertisement

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার টুয়েলভের লড়াইয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। এ জয়ের ফলে আর একটু পরিষ্কার হলো তাদের সেমিফাইনালের পথ। তবে এই ম্যাচ জিততে কষ্ট করতে হয়েছে গাপটিল-উইলিয়ামসনদের। শেষ ওভার পর্যন্ত স্কটল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা টিকে ছিল। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৯। যেটা শেষ ওভারে দাঁড়ায় ২৬। কঠিন হলেও অসম্ভব ছিল না। তবে নিউজিল্যান্ডের অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠলো না স্কটিশরা। শেষ দুই ওভারে দারুণ বোলিংয়ে স্কটিশদের আশা ভরসা শেষ করেছেন সাউদি-মিলনে। দুবাইয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে ১৬ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে স্কটল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৭৩ রানের। রান তাড়ায় সাহসী সূচনা করে স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েতজার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে তার ইনিংসটি ১১ বলে ১৭ রানের বেশি এগোয়নি। ট্রেন্ট বোল্টের স্লোয়ারে মিডঅনে টিম সাউদির হাতে ক্যাচ তুলে দেন স্কটিশ অধিনায়ক।

তৃতীয় ওভারে উইকেট হারানোর পর পরের দুই ওভারে মাত্র ৩ রান নিতে পারে স্কটল্যান্ড। সেই চাপ কাটাতে ষষ্ঠ ওভারে অ্যাডাম মিলনেকে টানা পাঁচটি বাউন্ডারি হাঁকান ম্যাথিউ ক্রস। তবে দুই ওভার পর জর্জ মুনসেকে (১৮ বলে ২২) তুলে নেন ইশ সোধি। ১০ ওভারে ২ উইকেটে ৭৬ রান তোলে স্কটল্যান্ড। ১১তম ওভারে আরও একটি উইকেট হারায় দলটি। ১২ বলে ২১ রানে পৌঁছে যাওয়া ক্রস হঠাৎ খোলসে ঢুকে পড়েছিলেন। ২৯ বলে ২৭ করে তার ইনিংসটির ইতি ঘটে সাউদির বলে বোল্ড হয়ে।

এরপর রিচি বেরিংটন আর কলাম ম্যাকলিয়ড ২৪ বলে ২৬ রানের একটি জুটি গড়েন। ৬ বলের ব্যবধানে তারা দুজন ফিরে গেলে ফের চাপে পড়ে স্কটল্যান্ড। ধীরগতির ম্যাকলিয়ডকে (১৫ বলে ১২) তুলে নেন বোল্ট। ১৬তম ওভারে মারমুখী বেরিংটন (১৭ বলে ২০) ইশ সোধিকে বড় শট খেলতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন। উইকেটরক্ষক কনওয়ে নেন সহজ ক্যাচ। শেষ তিন ওভারে ৫৬ রান দরকার পড়ে স্কটল্যান্ডের। মাইকেল লিস্ক সোধির করা ইনিংসের ১৮তম ওভারে দুই বাউন্ডারি আর এক ছক্কা হাঁকিয়ে সুযোগ তৈরি করেন।

পরের ওভারে সাউদি দারুণ বোলিং করেন। প্রথম পাঁচ বলে দুটি ওয়াইড দিলেও খরচ করেন মাত্র ৭ রান। পঞ্চম বলে লিস্ক ছক্কা হাঁকান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শেষ ওভারে ২৬ লাগে স্কটল্যান্ডের। অ্যাডাম মিলনের ওভারে ৯ রানের বেশি তুলতে পারেনি স্কটিশরা। মাইকেল লিস্ক ২০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এর আগে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করে মার্টিন গাপটিল। তবে তার ৫৬ বলে ৯৩ রানের ঝকঝকে ইনিংসে ভর করেই ৫ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.