দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা।সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে নারায়নগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি।

অবশেষে আগামীকাল (৭ এপ্রিল) থেকে চালু হচ্ছে নতুন এই শাখাটি।
এমনটা নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। জানা গেছে, শুরুর পর্যায়ে স্বল্প পরিসরে দু’টি শো চলবে—দুপুর ও বিকেলে। তবে শিগগিরই সবগুলো শো পুরোদমে চালু হবে।
নতুন শাখাটি স্থাপিত হয়েছে নারায়নগঞ্জের জালকুঁড়ি সীমান্ত টাওয়ারে।
এখানে রয়েছে তিনটি হল—দু’টি হলে ১৭৮টি আসন এবং একটিতে ৭৫টি আসন। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সুবিধা প্রদান করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, “চলচ্চিত্র শিল্পের উন্নয়নে শুধু ভালো সিনেমাই নয়, উন্নত মানের সিনেমা হলও প্রয়োজন। দর্শক এখন নিরাপদ ও আরামদায়ক পরিবেশ, উন্নত স্ক্রিন ও সাউন্ড সিস্টেম চায়। আমরা শুরু থেকেই এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে চলছি।”
এ বছরের মধ্যে দেশের অন্যান্য শহরেও নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে বলেও জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বড় শহরের পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


