জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ৪০০ জন স্থানীয় গরীব ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধান শাহবাজপুর এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো: জাহাঙ্গীর হারুন।
পরে, কুমিল্লা সেনানিবাসের বিশেষজ্ঞ দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১০০০ জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা পরিদর্শন করেন তিনি।
পরির্দশনকালে সেনাবাহিনী প্রধান বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চল পরিদর্শনকালে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের শিবপাশা এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সাথে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ সেনাবাহিনী শীত মৌসুমে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে।
সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



