জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে ইরান। বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানায়।

ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে। তেহরানের দাবি, ‘নৌ চলাচলের স্বাধীনতা’ রক্ষার অজুহাতে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের যে চেষ্টা চলছিল, এই ভেটোর মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলোর সমর্থনে আনা ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে চীন জানায়, প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের বিশেষ ক্ষমতা (ভেটো) প্রয়োগ করায় প্রস্তাবটি সরাসরি বাতিল হয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


