২০২৬ সালের মতো কঠিন নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ‘আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, আমাদের দলকে ধারণ করতে হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে।’

শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে। সংগঠনকে আরো শক্তিশালী করতে না পারলে অতীতের ষড়যন্ত্রের শিকড় বিস্তার লাভ করতে পারে।’
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে হবে।
শুধু স্লোগানের মধ্যে আবদ্ধ না থেকে যারা তাকে দেখিনি বা তার সংস্পর্শে আসিনি, তাদের কাছে তার আদর্শ ও কর্মকে ছড়িয়ে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা যখন হাঁটতে দেখি, চলতে দেখি, তার কর্মসূচি দেখি, প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সঙ্গে কতটা সাধারণ হয়ে মিশে যেতে পারেন সেটা যখন দেখি, তখন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্ভবত এমনই ছিলেন। যার কারণে তার প্রতিচ্ছবি হয়ে, বাংলাদেশের উদ্ধারকর্তা হয়ে আরেকজন মানুষ আমরা পেয়েছি। যিনি তার বাবার হাত ধরে তার বাবার দেখানো পথে এগিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুনঃ
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



