জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসছে। অধিবেশনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া বঙ্গবন্ধুর ওপর সাধারণ আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশ নিবেন।
বুধবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, অ্যাডভোকেট আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের ও নূর-এ আলম চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস সংক্রান্ত বিশ্ব পরিস্থিতির কারণে বিশেষ এই অধিবেশনে বিদেশি অতিথিরা অংশ নেবেন না।
সংশ্লিষ্ট সূত্র মতে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনে ভাষণ দেওয়ার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারিকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া বিভিন্ন দেশের স্পিকার, সংসদ সদস্য ও বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের উপস্থিতি প্রমাণিত হওয়ায় বিদেশি অতিথি আসছেন না বলে জানানো হয়েছে।
সরকার ইতোমধ্যে মুজিববর্ষের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করেছে। তবে বিদেশি অতিথিরা না আসলেও কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশন যথারীতি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মার্চ সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। বিশেষ অধিবেশন উপলক্ষে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় সব সংসদ সদস্য ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংসদে আসবেন।
মুজিববর্ষ উপলক্ষে এবারের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এর আওতায় একটি প্রস্তাব আনা হবে। সংসদ সদস্যরা প্রস্তাব (সাধারণ) ১৪৭ বিধির আওতায় আলোচনা করবেন এবং ২৩ মার্চ সেই প্রস্তাব সংসদে গৃহীত হবে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ সকাল ১০টায় অধিবেশন শুরু হবে।
Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.