নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন সকাল ১১টার পর স্বপ্নের সেতু দিয়ে ছয় মিনিটে পদ্মা নদী পাড়ি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পদ্মা সেতু পাড়ি দিয়ে কাঠালবাড়ীতে সমাবেশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধনের আগে আজ (১২ জুন) পদ্মা সেতুর মাওয়া ঘাট প্রান্তে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এই সেতু আমাদের সামর্থ ও সক্ষমতার সেতু। এই সেতু একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক, অন্যদিকে আমাদের যে অপমান করা হয়েছে তার প্রতিশোধের সেতু। এই সেতুর জন্য শুধু শেখ হাসিনাকে নয় বঙ্গবন্ধুর গোটা পরিবারকে টার্গেট করা হয়েছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অসীম সাহসের সোনালী ফসল। এখানে অন্যদের কারো অবদান নেই। আমরা শেখ হাসিনার আদেশ পালন করেছি নিষ্ঠার সাথে। বঙ্গবন্ধু কন্যা এই সেতু নির্মাণ করে বিশ্বকে জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ দুর্নীতি করে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি নিজে সেতুর নামটি শেখ হাসিনা নামে করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনা তা নাকচ করে দিয়ে বলেছেন, এই সেতু নিয়ে আমার পরিবারের সদস্যদের অপমান করা হয়েছে। বঙ্গবন্ধুর কারো নামে এই সেতুর নামকরণ করা হবে না। এই সেতুটি পদ্মা সেতু নামেই হবে। শেখ রেহানাও এ কথাই বলেছেন। শেখ হাসিনা শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি আগামী প্রজন্ম নিয়ে চিন্তা করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়ন থেকে সরে যাওয়ার পর শেখ হাসিনা জাতীয় সংসদে জোড় গলায় বলেছিলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করবো। সেদিন আমাদের আশে পাশে যারা ছিল তারা অনেকেই বিদ্রুপ করেছে। এটা কি সম্ভব? বিশ্বব্যাংক ছাড়া সম্ভব? আমাকে বলেছে-কি মন্ত্রী কি ধরনের পরামর্শ দিচ্ছো, এটা কি হবে?। বিশ্বব্যাংক আমাদের মন্ত্রী, উপদেষ্টাসহ যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের গ্রেফতার করতে চেয়েছিল। আমাদের নেত্রী তখন অনড় ছিলেন। তিনি বলেছেন, আমাদের টাকায় একটা পদ্মা সেতু করতে পারবো না! পারবো। আজকে তার বাস্তব রূপ নিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি আমরাও পারি।

তিনি বলেন, যতই সমালোচনা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমাদের মনোবল তততই সুদৃঢ় হয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। বিশ^ব্যাংক আমাদের কাছে ক্ষমা চেয়েছে। যখন তারা ক্ষমা চায় ততদিনে আমাদের সেতুর কাজ শুরু করে দিয়েছি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনূস, খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে। জননেত্রী শেখ হাসিনা এরকমই নির্দেশ দিয়েছেন।

২১ জেলার গাড়ি ৬ মিনিটে পদ্মা সেতু পারি দিয়ে ঢাকায় ঢুকলে রাজধানীতে যানজট বাড়বে কিনা- এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে সংশয় ছিল। সেটা হয়েছে। যানজটও আমরা জয় করতে পারবো।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.