
জুমবাংলা ডেস্ক : চলমান ছুটি শেষে আগামী মাস থেকে তিন ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিচ্ছে সরকার। স্কুলপর্যায় বাদ রেখে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এদিকে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের চিন্তাও রয়েছে। তবে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও অর্ধ-বার্ষিক, বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হবে না।
সূত্র মতে, সরকার চাইছে প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষাগুলো আগে শেষ করা। এরপর স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার দিকে এগোতে চায় সরকার। এরপর কলেজ ও তারপর বিদ্যালয় খুলে দেয়ার চিন্তা রয়েছে সরকারের।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে নেয়া হবে। এরই অংশ হিসেবে দুই দিন পরপর শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। সর্বস্তরের শিক্ষকদের টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে টাইমলাইন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আবাসিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার কাজও চলছে জোরেশোরে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন এ প্রসঙ্গে জানান, মন্ত্রণালয় থেকে সম্প্রতি চিঠি দিয়ে প্রতি দুই দিন অন্তর বিদ্যালয় ও মহাবিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। তারা সেটি করছেন। ভ্যাকসিন কার্যক্রমও চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


