
আন্তর্জাতিক ডেস্ক : খাবারের বিলে ৪০ পয়সা বেশি রেখেছেন হোটেলমালিক। এতে চটেছেন এক ক্রেতা। সরাসরি মামলা ঠুকে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মার্চে বেঙ্গালুরুর ইনফ্যান্ট্রি রোডে ওই হোটেলে গিয়েছিলেন টি নরসিমা মাথরে নামের ওই ব্যক্তি। পেশায় তিনি একজন আইনজীবী। হোটেলে তিনি খরচ করেন ২৬৪ রুপি ৬০ পয়সা। তবে তার বিল আসে ২৬৫ রুপি। ৪০ পয়সা বেশি নেয়ার কারণ জানতে হোটেলটির ব্যবস্থাপকের কাছে যান তিনি। তবে মেলেনি সন্তোষজনক জবাব। শেষমেশ দ্বারস্থ হন বেঙ্গালুরুর ‘রুরাল অ্যান্ড আরবান ফার্স্ট অ্যাডিশনাল ডিসট্রিক্ট কনজুমার ডিসপুট রেডরেসাল কমিশনের’। সেখানে ভোক্তা অধিকার আইনে মামলা করেন।
নরসিমা মাথরে জানান, এভাবে হোটেলটি যদি প্রতি বিলে ৪০ থেকে ৫০ পয়সা করে বেশি নেয়, তাহলে সাধারণ ভোক্তাদের ঠকিয়ে তারা বছরে লাখ লাখ রুপি আয় করবে।
এদিকে নরসিমার অভিযোগের পর গত শুক্রবার বিষয়টি আমলে নিয়ে শুনানি করেছে কমিশন। পরবর্তী শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগকারীকে কমিশনের দেওয়া নোটিশের ছবি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি তিনি হোয়াটসঅ্যাপ বা খুদে বার্তার মাধ্যমে অভিযুক্তের কাছে পাঠাবেন। এর মাধ্যমে অভিযুক্তকে অভিযোগ জমা দেওয়ার বিষয়টি এবং এর রেজিস্ট্রেশন নম্বর ব্যক্তিগতভাবে জানাবেন তিনি। এ ছাড়া কমিশনে হাজিরা দেওয়ার বিষয়টিও নোটিশের ছবি পাঠিয়ে জানাতে হবে।
এদিকে এ বিষয়ে এক হোটেলমালিক টাইমস অব ইন্ডিয়াকে জানান, পয়সার হিসাব সামান্য কমবেশি করে বিল রুপির অঙ্কে দেওয়া হয়। এর পেছনে সাধারণত লোক ঠকানোর কোনো উদ্দেশ্য থাকে না। তবে এমন কৌশল বাকি সব হোটেলে অনুসরণ করা হয় কি না, তা জানাতে পারেননি তারা। আর বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


